২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তা

সাভারে ধসেপড়া বহুতল ভবন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা সহায়তার অর্থ দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

শুক্রবার সাভার গার্লস হাই স্কুল অডিটোরিয়ামে একশ’ পরিবারের শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।

প্রত্যেক শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা-কলম, জ্যামিতি বক্স দেয়ার পাশাপাশি স্কুল ড্রেস তৈরির জন্য নগদ পাঁচশ’ টাকা করে দেয়া হয়।

এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ছাত্র-শ্রমিক-পেশাজীবী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে বক্তারা রানা প্লাজা ধসে নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবার প্রতি ২৫ লাখ টাকা, আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন, রানা প্লাজার স্থলে শহীদ বেদী ও শ্রমিক কলোনি নির্মাণসহ সকল শ্রমিকের সন্তানদের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে বহন করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণসংগীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রমুখ।

এদিকে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক সন্তানদের শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বহনের দাবিতে সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ডে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সংগঠনের সাভার থানা শাখার আহ্বায়ক তারিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আবির, ঢাকা জেলা আহ্বায়ক ইসহাক হোসেন মামুন, সংগঠনটির ঢাবি নেতা শিমুল নূর, ব্লগার সিয়াম সরোয়ার জামিল।