২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মুকুল হত্যা মামলার রায় ঝুলে আছে ৩ বছর

যশোরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের হত্যাকাণ্ডের পর ১৫ বছর পার হয়েছে। বিচার কাজ শেষে মামলার রায় ঝুলে আছে প্রায় তিন বছর ধরে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

১৯৯৮ সালের ৩০ অগাস্ট দুর্বৃত্তের বোমা হামলায় নিহত হন মুকুল। পরদিন নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

২০১০ সালের ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক শেষ হলেও এখনো রায় ঘোষণা করা হয়নি। কবে হবে তাও কেউ বলতে পারেন না।  

মামলার নথি থেকে জানা যায়, মামলার তদন্ত শেষে সিআইডির সহকারী সুপারিনটেনডেন্ট দুলাল উদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ২৩ এপ্রিল বিএনপি নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর হোসেন, নুরন্নবী, মনি, খালেক, টাক নাজির, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম মরণ, আসলাম, রানা, মিন্টা, মশিউর রহমান, ইকবাল কবির জাহিদ, কাজী ফকরুল ইসলাম টগর, শাহীন, সাইফুল ইসলাম, মুহিন, ডাবলু, বাবু, আলী হোসেন ও রূপম।

এরপর বাদী হাফিজা আক্তার শিরিন এ অভিযোগপত্রে নারাজি আবেদন করেন। শুনানি শেষে ১৯৯৯ সালের ১১ জুলাই বিচারক আবেদন নাকচ করে অভিযোপত্র গ্রহণের আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন (নম্বর ৭২/৯৯) করেন বাদী। এর উপর শুনানি শেষে বিচারক আগের আদেশ বহাল রাখেন।

এ আদেশের বিরুদ্ধে বাদী হাইকোর্টে ক্রিমিনাল মিস কেস (নম্বর ৪১২১/২০০১) করেন। তখন হাইকোর্ট মামলার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় নিম্ন আদালতকে।

পরে হাইকোর্টের বিশেষ বেঞ্চ ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেয়। ২০০৫ সালে ১ অগাস্ট হাইকোর্টের আদেশ অনুযায়ী মামলাটি পুনঃতদন্তের আদেশ দেয়া হয় পুলিশ সুপারকে। সিআইডি পুলিশকেই মামলার পুনঃতদন্তের দায়িত্ব দেয়া হয়।

এ পর্যায়ের তদন্ত শেষে ২০০৫ সালের ২১ ডিসেম্বর আগের আসামিদের সঙ্গে আরো চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাওলা বক্স।

নতুন অভিযুক্তরা হলেন আলী হোসেন, রূপম, পান্না ওরফে তরিকুল ইসলাম ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক ফারাজী আজমল হোসেন।

২০০৬ সালের ১৫ জুন ২২ জনকে অভিযুক্ত করে আদালত অভিযোগ গঠন করে।

এ সময় হাইকোর্টের আদেশে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে এ হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়া হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

২০০৬ সালের ১৬ অক্টোবর অভিযোগ গঠনের বিরুদ্ধে সাংবাদিক ফারাজী আজমল হোসেন হাইকোর্টে একটি রিভিশন মামলা করেন। হাইকোর্ট তার অংশের বিচারিক কাজ স্থগিত রাখার আদেশ দেন নিম্ন আদালতকে।

২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২০১০ সালের ৫ অগাস্ট সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক হয়। যুক্তিতর্ক শেষে হাইকোর্টের দেয়া আদেশের পূর্ণাঙ্গ নিষ্পত্তি না হওয়ায় রায় ঘোষণার দিন স্থগিত করা হয়।

ফারাজী আজমল হোসেনের আইনজীবীকে নির্দেশ দেয়া হয় হাইকোর্টের পরবর্তী নির্দেশনা সম্পর্কে আদালতকে অবহিত করতে। কিন্তু এখনো হাইকোর্টের পরবর্তী নিদের্শনা সম্পর্কে কোনো কিছু আদালতকে অবহিত করেননি ফারাজী আজমল হোসেনের আইনজীবী।

এ ব্যাপারে বাদীর আইনজীবী এ জেড এম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু রায় ঘোষণার বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় বাদীর স্বজনরা হাতশ হয়ে পড়েছেন। তারা জানেন না কেন এমন হচ্ছে।