২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দক্ষ’ তদন্ত কর্মকর্তা ছিলেন ফজলুল করিম  

১৯৭৫ সালের এক রাতে রাজবাড়ীর পাংশা থানায় সর্বহারা পার্টি অস্ত্রাগার লুটের জন্য আক্রমণ করে।

লিটন হায়দার

ও কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 10:26 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার ঢাকায় নিজের বাড়িতে দুর্বৃত্তের হামলায় নিহত ফজলুল করিম তখন ছিলেন ওই থানার ওসি।

“ভয়ে অন্য অফিসাররা থানা থেকে পালিয়ে যায়। কিন্তু তিনি (ফজলুল) এক কনস্টেবলকে নিয়ে থানায় ছিলেন। সারারাত থানার ভেতরে থেকে লড়াই চালিয়ে যান। ভোর ৫টার দিকে দলের তিনজনের লাশ রেখে অন্য সর্বহারারা পালিয়ে যায়।”

কর্মজীবনে ফজলুল করিমের দক্ষতার কথা তুলে ধরে এই স্মৃতিচারণ তার এক সময়ের সহকর্মী সহকারী পুলিশ সুপার খালেকুজ্জামানের।

খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় সরকার ফজলুল করিমকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দিয়েছিল।

সিআইডির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ছয় বছর আগে অবসর নিয়ে রামপুরায় নিজের বাড়িতে থাকতেন। ওয়াপদা রোডের ওই বাড়িতে ঢুকেই সকালে একদল দুর্বৃত্ত তাকে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়।

সাবেক সহকর্মী হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।

সিআইডির বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ সেখানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঊনিশশ আশির দশকে কয়েকটি আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ফজলুল করিম। 

ওই সময়কালের মগবাজার এলাকার একটি বাড়িতে ডাকাতির তদন্তের কথা তুলে ধরেন ফজলুল করিমের সহকর্মী পুলিশ পরিদর্শক ইন্তেজার রহমান।

‘রায়পুর হাউজ’ নামে এক বাড়িতে এক মহিলা ঢুকে গৃহিনীর শিশুসন্তানকে জিম্মি করে সোনা-গহনা ও টাকা পয়সা নিয়ে গিয়েছিল, যার তদন্ত করেন ফজলুল করিম।

“তিনি (ফজলুল করিম) ভিকটিম মহিলাকে মাত্র দুটি প্রশ্ন করেছিলেন, তারপর দু্’দিনের মধ্যে পারভীন ববি নামে অপরাধী মহিলাকে গ্রেপ্তার করেন,” বলেন ইন্তেজার।

নিহতের আরেক সহকর্মী সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ১৯৮৯ সালে মতিঝিলের এএনজেড গ্রীনলেজ ব্যাংকে ৫০ লাখ টাকা ডাকাতির কথা।

“স্যার (ফজলুল করিম) যাত্রাবাড়ী পরিবহন শ্রমিক নেতা হিরুসহ তার সহযোগীদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দেন, যা ওই সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।”

ওই বছর রাজধানীতে চালক ও তার দুই সহযোগী হত্যাকাণ্ডের তদন্তের কথাও বলেন সাইফুল।

কেরানীগঞ্জের এক প্রভাবশালীর গুদাম থেকে ওই ট্রাকের লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছিলেনন ফজলুল করিম।

বর্তমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর কাজ করেছিলেন ফজলুল করিমের সঙ্গে। জুরাইনের ব্যাবসায়ী আলম হত্যাকাণ্ডের রহস্যভেদে ফজলুল করিমের দক্ষতার পরিচয় পেয়েছিলেন তিনি।

“বর্তমানে অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। কিন্তু সে সময়ে অনেক ‘ক্লু লেস’ ঘটনার কারণ তিনি তদন্ত করে বের করে ফেলতেন।”

Image
রাজধানীর রামপুরায় বৃহস্পতিবার দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক পুলিশ কর্মকর্তার স্বজনদের আহাজারি। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর রামপুরায় বৃহস্পতিবার দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক পুলিশ কর্মকর্তার স্বজনদের আহাজারি। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে নিজের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন ফজলুল করিম।

সকাল ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী ওই বাড়িতে হানা দেয়। স্ত্রী স্বপ্না করিমকে অস্ত্রের মুখে আটকে ফজলুল করিমকে গুলি করে পালিয়ে যায় তিন যুবক।

কেন এই হত্যাকাণ্ড- তার কারণ পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও ফজলুল করিমের মেয়ে ফারজানা করিমের সন্দেহ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধই কারণ।

ফজলুল করিমের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদী খানের রামকৃষ্ণদি গ্রামে। সেখানে একটি বাড়ি নিয়ে ভাইয়ের পরিবারের সঙ্গে তার বিরোধ রয়েছে।

ওই বিরোধই হত্যাকাণ্ডের কারণ বলে সন্দেহ সাবেক এই পুলিশ কর্মকর্তার মেয়ের।

পুরনো খবর:

বাড়িতে ঢুকে সাবেক সিআইডি কর্মকর্তাকে হত্যা
ফজলুল হত্যা: মেয়ের সন্দেহ আত্মীয়দের দিকে