পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সিরাজদিখানে শোকের ছায়া
ঢাকার রামপুরায় নিজ বাসভবনে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম নিহতের ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে শোকের ছায়া নেমে এসেছে।
এ হত্যাকাণ্ডের খবর শুনে অনেকেই এলাকা থেকে তার ঢাকার বাসায় ছুটে আসেন। কেউ কেউ ছুটে যান তার গ্রামের বাড়িতে।
চাকরি থেকে অবসরের পরই তিনি এলাকায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
সাবেক এ পুলিশ কর্মকর্তার হত্যাকাণ্ডের কোন কারণ খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে নিজের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় দুর্বৃত্তরা গুলি করে ফজলুল করিমকে হত্যা করে পালিয়ে যায়।
তার গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার লতুব্দি ইউনিয়নের রামকৃষ্ণাদি গ্রামে। স্থানীয় মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।
এছাড়া নিজ উদ্যোগে কোলা ইউনিয়নে একটি মাদ্রাসার একতলা ভবন নির্মাণ করে দিয়েছিলেন।
মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. করিম জানান, এলাকায় তার তেমন কোন শত্রু ছিল না। বিদ্যালয় পরিচালনা নিয়ে তার প্রতিপক্ষ থাকলেও তাতে খুন হওয়ার মতো কোন ঘটনা কখনও ঘটেনি। তিনি ছিলেন একজন সমাজসেবক।
সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মো. মহিউদ্দিন জানান, ফজলুল করিম এলাকায় একজন ভাল লোক হিসাবে পরিচিত ছিল। বিভিন্ন মসজিদ-মাদ্রাসা-শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
