২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখনো সময় আছে, সংলাপে বসুন’

সময় থাকতেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি শমসের মুবিন চৌধুরী।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 08:16 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

বৃহস্পতিবার হবিগঞ্জে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে জনগণ তা প্রতিহত করবে। বিএনপি হরতাল, অবরোধ চায় না। এখনও সময় আছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংলাপে বসুন।”

শমসের মুবিন চৌধুরী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি (হাসিনা) ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গঠিত বিশেষ কমিটি এবং আদালতের রায় উপেক্ষা করেছেন। সর্বোপরি বাংলাদেশের মানুষের কথা উপেক্ষা করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন।

“দেশ আজ বিপর্যয়ের মুখে। এর সবচেয়ে বড় প্রমাণ বাংলাদেশকে নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্বেগ প্রকাশ। সরকার যদি সমঝোতায় না যায়, তাহলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে, যা আন্তর্জাতিক মহলেরও কাম্য নয়।”

হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শমসের মুবিন এসব কথা বলেন।

জেলা বিএনপি সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ, সহসভাপতি খালিকুজ্জামান, মাহফুজ আলী খান, শামসুল হক চৌধুরী, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, যুগ্ম-সম্পাদক ডা. আহমুদুর রহমান আবদাল, কামাল উদ্দিন সেলিম, ইসলাম তরফদার তনু, আতিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।