২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজামীর নির্দেশেই রূপসী-বাউসগাড়ী গ্রামে হত্যাযজ্ঞ’

একাত্তরে মতিউর রহমান নিজামীর নির্দেশেই পাক হানাদার বাহিনী ও তাদের দালালরা রূপসী-বাউশগাড়ি গ্রামের আনুমানিক চারশ’ নারী-পুরুষকে হত্যা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন প্রসিকিউশনের এক সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক বিচারপতি আনোয়ার হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের উপস্থিতিতে বৃহস্পতিবার সাক্ষ্য দেন ১৮তম সাক্ষী জহুরুল হক।

তিনি দাবি করেন, সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে রাজাকার ক্যাম্প উদ্বোধনের সময়ও মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নির্মূলের নির্দেশ দিয়েছিলেন নিজামী।

একাত্তরে পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি নিজামী বর্তমানে জামায়াতে ইসলামীর আমির।

জহুরুল হক বলেন, একাত্তরে পাবনায় অবস্থানরত পাকবাহিনীর সঙ্গে মতিউর রহমান নিজামীর ঘনিষ্ট সম্পর্ক ছিল, এমন কথা বিভিন্নজনের কাছে তিনি শুনেছেন।

“আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযো্দ্ধা সংসদের সাঁথিয়া থানা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার। ১৯৭১ সালে বেড়া থানাধীন রাজনারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম।”

বর্তমানে আনুমানিক ৬৮ বছর বয়সী জহুরুল হক জানান, ১৯৭১ সালের ১০ মে তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সভাপতি মতিউর রহমান নিজামী আরো ১০/১২ জন দালাল নিয়ে রূপসী প্রাথমিক বিদ্যালয়ে আসেন। ওই বিদ্যালয়েই প্রধান শিক্ষকসহ অন্যান্য লোকজনদের নিয়ে আলোচনা করেন।

১৩ মে থেকে সাঁথিয়া থানার বাউশগাড়ি গ্রামে আব্দুল জব্বারের (পরে গণহত্যায় নিহত) বাড়িতে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেয়ার সময় ওই বিদ্যালয়ের শিক্ষক আইনুল হক এ তথ্য জানিয়েছিলেন বলে জানান জহুরুল।

“এরপর ১৪ মে ফজরের নামাজের পর অতর্কিত গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায়। তখন রাস্তার পাশের একটি ঝোপের আড়াল থেকে আমি দেখতে পাই, মতিউর রহমান, আসাদ, কাদের, সাত্তারসহ আরো কিছু দালাল এবং পাকবাহিনীর একটি দল নির্বিচারে গুলি চালাতে চালাতে অগ্রসর হচ্ছে।”

তখন সাক্ষী জহুরুল হক তার সঙ্গীদের নিয়ে গ্রামের পূর্বপাশে বিলের দিকে পালিয়ে যান।

জহুরুল বলেন, “আনুমানিক ৬/৭ ঘণ্টা পর রূপসী-বাউশগাড়িতে ফিরে এসে দেখি, রাস্তার পাশে আনুমানিক চারশ’ হিন্দু-মুসলমান নারী-পুরুষের লাশ পড়ে আছে। এ সময় উপস্থিত লোকজনদের কাছে জানতে পারি, মতিউর রহমান নিজামীর নির্দেশেই এসব নিরীহ, নিরস্ত্র মানুষদের পাক হানাদার বাহিনী বৃষ্টির মতো গুলি করে হত্যা করে।”

পড়ে থাকা লাশের মধ্য থেকে আব্দুল জব্বার, আজগর আলী, ইদ্রিস আলী, একেন আলী, ওয়াজউদ্দিন, শ্রী বলরাম দাস, উপেন্দ্রনাথ, জীতেন্দ্রনাথসহ ৫০/৬০ জনের লাশ সনাক্ত করেন বলে জানান তিনি।

এরপর বন্ধু আলতাফ, খালেদ, রইস, মোতাহার, মান্নান, মকবুলসহ আরো কয়েকজনকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার উদ্দেশ্যে জুন মাসের মাঝামাঝি ভারতে যান জহুরুল।

তিনি জানান, ভারতে প্রশিক্ষণশেষে অস্ত্রসহ ৩৩ জনের একটি দল নিয়ে ভারতের মানকার চর হয়ে রংপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর সিরাজগঞ্জের বেলকুচি থানার আলিমাড়ার আর্মি ক্যাম্পে আক্রমণ করেন।

ওই আক্রমণে দুজন পাক সেনাসহ পাঁচজন রাজাকার নিহত হয় এবং অন্যরা গোলাবারুদ ফেলে পালিয়ে যায় বলে উল্লেখ করেন জহুরুল।

তিনি জানান, সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেনসহ আরো অনেকের কাছ থেকে তিনি শুনেছেন, একাত্তরের মে মাসের ১১/১২ তারিখের দিকে মতিউর রহমান নিজামী ও ইসহাক মওলানা একশ’ থেকে দেড়শ’ রাজাকার, আলবদর নিয়ে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে রাজাকার ক্যাম্প উদ্বোধন করেন।

“সেখানে উদ্বোধনী ভাষণে নিজামী বলেছিলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের স্বপক্ষের সবাইকে হত্যা করতে হবে। এবং তরুণ যুবকদের রাজাকার, আলবদরে ভর্তি করতে হবে।”

সাক্ষ্য দেয়ার পরে আসামির কাঠগড়ায় থাকা মতিউর রহমান নিজামীকে সনাক্ত করেন সাক্ষী।

সাক্ষ্য শেষে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম। পরে রোববার নাগাদ আদালত মুলতবি ঘোষণা করা হয়।