আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার আজাহারের বিরুদ্ধে ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলোর সংশ্লিষ্ট পটভূমি ও প্রাসঙ্গিক ইতিহাস বর্ণণা করেন প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম।
পরবর্তী শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল-১ এর বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারক আনোয়ারুল হক।
এদিন ট্রাইব্যুনালে আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলাম ও নূরজাহান বেগম মুক্তা গত ১৮ জুলাই ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর মধ্যে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনাও রয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আজহার তখন রংপুরের কারমাইকেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের রংপুর শাখার সভাপতি। জেলার আলবদর বাহিনীরও নেতৃত্বে ছিলেন তিনি।
আজহার পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র ও তা বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত থেকে অপরাধ সংঘটন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০১২ সালের ১৫ এপ্রিল থেকে এটিএম আজহারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ সময় ৬০ জনেরও বেশি ব্যক্তির বক্তব্য শোনেন তদন্ত কর্মকর্তারা। তবে প্রতিবেদনে তারা সাক্ষী করেছেন ২৭ জনকে।
গতবছর ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে এটিএম আজহারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
