লক্ষ্মীপুরে গণপিটুনিতে দুই ‘ডাকাত’ নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রায়পুর থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, বুধবার রাত ৩টার দিকে রায়পুর উপজেলার সোনাখালী ব্রিজেরে কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, গভীর রাতে ওই এলাকার কাজিচর গ্রামের একটি বাড়িতে ঢোকে একদল সশস্ত্র ডাকাত। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও এলাকাবাসী ওই বাড়ি ঘিরে ফেলে।
এ সময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
গোলাগুলির এক পর্যায়ে ডাকাত সন্দেহে দুইজনকে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ওসি জানান।
তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আবুল কাশেম চৌধুরী জানান, আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রায়পুর উপজেলা কমেপেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
