২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি নির্বাচনে আসবে’

বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বিরোধী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিশ্বাস করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 08:47 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার নরসিংদীতে তিনি বলেন, “আমার বিশ্বাস বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবশ্যই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে সিটি কর্পোরেশন নির্বাচনসহ সকল নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তাই তারা নির্বাচনে অংশ নেবে।”

“বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিরোধীতা করেছিল। বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে এবং এক কোটি ২৩ লাখ ভূয়া ভোটার করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করেছিল।”

এখন তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। যা কখনো সম্ভব নয় বলে মনে করেন মন্ত্রী।

তিনি নরসিংদীর পাঁচদোনায় পর্যটন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে দুই ধারার রাজনীতি চলছে। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর অপরদিকে জামায়াত-শিবির-রাজাকার তথা মৌলবাদ, জঙ্গীবাদ গোষ্ঠী।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কর্নেল (অব.) ফারুক বলেন,  পর্যটনে বাংলাদেশ ২০১২ সালে ১০০.৮৬ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে। এ সময় প্রায় ৬ লাখ পর্যটক বাংলাদেশে এসছে।

তিনি বলেন, সরকার শুধু বিমান পরিবহন খাতেই ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।