২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ সংঘাতের দিকে যাচ্ছে: মোশাররফ

সরকারের নানা ‘ফ্যাসিবাদী’ আচরণের কারণে আগামী নির্বাচন অনিশ্চিত হলে দেশ সংঘাতের দিকে যাবে বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার সন্ধ্যায় সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইলেও সরকার এ দাবি মানছে না। ফলে দেশ এখন সংঘাতের দিকে যাচ্ছে।

‘‘দলীয় সরকার নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচনে ভোট দিতে চায় মানুষ।’’

তিনি দাবি করেন, দেশের জনগণ, জাতিসংঘ, বন্ধুরাষ্ট্রগুলো সব দলের অংশগ্রহনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। আর এটা করতে হলে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের মানতে হবে।

সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল গাফফার প্রমুখ।