কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক ফেনী সদর উপজেলার লেমুয়া গ্রামের শেখ ফরিদ (৩৫) ও তার সহকারী কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকিল খান (২৮)।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, দুপুর সাড়ে তিনটার দিকে চৌদ্দগ্রামের গাংরায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“ঘটনাস্থলে ট্রাকচালক শেখ ফরিদ মারা যান। গুরুতর আহত ১১ জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চালকের সহকারী (হেলপার) শাকিলও মারা যান।”
এছাড়াও চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
