২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি যুবককে জেলে দিল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের ওপার থেকে আটক বাংলাদেশি যুবককে ভারতের কেষ্টগঞ্জ থানায় দিয়েছে  বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার সকালে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে মহেশপুরের লড়াইঘাট গ্রামের খোকন মিয়ার ছেলে ফয়সাল আহমেদকে (১৯) আটক করে বিএসএফ।

পরে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ঝিনাইদহ জেলার কুসুমপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়।

বৈঠক শেষে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, “বিএসএফ জানিয়েছে আটক ফয়সালের নামে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাকে কৃষ্ণনগর কারাগারে পাঠানো হয়েছে।” 

সকাল সাড়ে ৬টার দিকে ফয়সাল গরু আনতে কুসুমপুর সীমান্তের ৬১ মেইন পিলারের সাব পিলার ৮ এর পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের দেড় কিলোমিটার ভিতরে বিএসএফের হাতে ধরা পড়েন ফয়সাল।

ফয়সাল আহমেদকে ফেরত চেয়ে কুসুমপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জামসেদ আলী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফকে চিঠি দেন।

এর পরই বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জামসেদ আলী। ভারতের পক্ষে ছিলেন নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জাবসিং।