২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইন্দংয়ে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কয়েকটি পাহাড়ি গ্রামে সহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান।

শহরের স্বনির্ভর এলাকার ঠিকাদার সমিতির ভবনের সামনে থেকে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মূল রাস্তা প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কয়ারে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে তাইন্দং সহিংসতার ২৬ দিন পার হলেও সরকার এখনো ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বক্তারা।

তারা বলেন, হামলায় বইপত্র, কাপড়-চোপড় ও শিক্ষা সামগ্রী পুড়ে গিয়ে যেসব ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে না। যার ফলে তাদের শিক্ষাজীবন প্রায় অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হামলাকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও অনেকে এখনো ধরা-ছোঁয়ার বাইরে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকার পাহাড়িরা এখনো নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে বক্তারা অবিলম্বে তাইন্দংয়ে পাহাড়ি গ্রামে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা, হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, হামলাকারীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় দায়ের মামলাটি চট্টগ্রামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা, পাহাড়িদের নিরাপত্তায় নিজস্ব গ্রাম প্রতিরক্ষা দল গঠনের অনুমতি ও সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান।

গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি সদর ইউনিটের সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সহ সাধারণ সম্পাদক অংকন চাকমা বক্তব্য রাখেন।

গত ৩ অগাস্ট এক বাঙালি মোটরসাইকেল চালক অপহরণের খবর ছড়িয়ে পড়লে পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ সময় পাহাড়িরা তাদের গ্রাম ছেড়ে ফেনী নদী পার হয়ে সীমান্তের শূণ্য রেখায় গিয়ে আশ্রয় নেয়। পরে সরকার ও স্থানীয় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তারা নিজ বসতবাড়িতে ফিরে আসে।