২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মামলায় ১৬ শিবিরকর্মী আসামি

সিলেটের এমসি কলেজ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরের ওপর হামলার মামলায় শিবিরের ১৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

মঙ্গলবার রাতে মোস্তাফিজের বাবা সিলেটের গোলাপগঞ্জের রামপাল গ্রামের মুক্তিযোদ্ধা আফতাব আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন বলে জানিয়েছে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো আটজনকে আসামি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

গত রোববার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালের সামনে এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রবকে কুপিয়ে আহত করে শিবির সমর্থকরা। এতে তার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

মোস্তাফিজুর রব এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলার আসামিরা হলেন শিবিরের এমসি কলেজ শাখার সাবেক সভাপতি ইয়াছিন খান, সিলেট জেলা দক্ষিণের সভাপতি মনোয়ার হোসেন, সিলেট সরকারি কলেজের সেক্রেটারি রাসেল, এমসি কলেজ সেক্রেটারি মঞ্জুর আলম, কর্মী হারিস আলী, তোফায়েল আহমদ, আল-আমিন ও শাহীন।