কৃষি বিজ্ঞানীদের অবসরের বয়স ৬৭ করার দাবি
কৃষি বিজ্ঞানীদের অবসরের বয়সসীমাও ৬৭ বছর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)’র বিজ্ঞানীরা।
বুধবার সকালে ব্রি’র ভিআইপি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা বলেন, সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা ৫৯ থেকে ৬৭ বছর করা হলেও কৃষি সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের ক্ষেত্রে তা প্রযোজ্য করা হয়নি।
ব্রি’র মহাপরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি’র পরিচালক (গবেষণা) মো. খাইরুল বাশার, পরিচালক (প্রশাসন) জীবন কৃষ্ণ বিশ্বাস, ইসলাম উদ্দিন মোল্লাহ প্রমূখ।
মহাপরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, স্বাধীনতা উত্তরকালে দেশের জনসংখ্যা ছিল ৭ বা সাড়ে ৭কোটি । তার বিপরীতে দেশে চাল উৎপাদন হতো ১ কোটি ১০ লক্ষ টন। প্রতিবছর খাদ্য ঘাটতি থাকতো ২০-৩০ লক্ষ মেট্রিক টন।
“৪০ বছরের ব্যবধানে দেশের লোকসংখ্যা যখন ১৫-১৬ কোটি তখন দেশে চাল উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টন। মানুষ বাড়লেও জমি বাড়েনি, বরং চাষের জমি কমেছে।”
এ অবস্থায় বিজ্ঞানীরা একের পর এক নতুন নতুন উচ্চ ফলনশীল পুষ্টিমান সমৃদ্ধ জাতের ধান উদ্ভাবন করে চলছে, বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, আমাদের মতো কৃষিগবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কৃষি বিজ্ঞানীরা দেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় কাজ করছে, ভূমিকা রাখছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানীদের প্রণোদনা তথা অবসরের বয়স ৫৯ থেকে ৬৭ বছর করা হলেও কৃষি সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের ক্ষেত্রে তা প্রযোজ্য করা হয়নি।
তাই কৃষি বিজ্ঞানীদের বেলায়ও ওই সুবিধার দাবি জানিয়েছেন ধান বিজ্ঞানীরা।
