রাজশাহীতে আইনজীবী খুন
‘মাদক ব্যবসা’ নিয়ে বিরোধের জেরে রাজশাহী নগরীতে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীদের একজন আহত হন।
বুধবার দুপুরে গুড়িপাড়া ক্লাব এলাকায় এ হামলায় নিহত অ্যাডভোকেট শাহীন আলম ওরফে শাহেন শাহ ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
একই ওয়ার্ডের বিএনপিকর্মী আব্দুল মোমেন এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
মোমেনের সহযোগী আহত রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শাহীন আলম গুড়িপাড়া ক্লাব মোড়ে তার চেম্বারের সামনে মোটরসাইকেলসহ দাঁড়িয়েছিলেন।
এ সময় বিএনপিকর্মী আব্দুল মোমেনের নেতৃত্বে হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রেজাউল করিম আরো বলেন, মাদক ব্যবসা নিয়ে শাহীন ও মোমেনের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
