দিনাজপুরে বাস খাদে, দুই শিক্ষক নিহত
দিনাজপুরের সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সাত মাইল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয় অন্তত সাতজন।
নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ (৪৮) ও খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক (৫২)।
এ ঘটনার পর কিছুক্ষণ সড়কটি অবরোধ করে রাখে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের সাত মাইল এলাকায় দিনাজপুরমুখী যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষক নিহত হন।
আহতদের মধ্যে তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
