জন্মাষ্টমী উৎসব চলছে
বর্ণিল মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার খাগড়াছড়িতে দুদিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।
নরসিংদীতে জেলা ও শহর পূজা উদযাপন পরিষদ পৃথক শোভাযাত্রা করেছে।
কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে জন্মগ্রহণ করেছিলেন। দুষ্টের দমন আর শিষ্টের রক্ষার জন্য তিনি পৃথিবীতে আসেন।
সনাতন ধর্মাবলম্বীরা দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনটি পালন করছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সকালে জেলা শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়েজিত শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। এলপর সেখানে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
মন্দিরে সকাল থেকে চণ্ডী পাঠ, গীতা পাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা এবং রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করিম, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন চন্দ্র দেবনাথ, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিধান কানুনগো প্রমুখ।
নরসিংদীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
নরসিংদী প্রতিনিধি জানান, জেলা শহরে জন্মাষ্টমী উপলক্ষে দুটি শোভাযাত্রা করা হয়েছে।
জেলা ও শহর পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ দুটি শোভাযাত্রা হয়।
স্থানীয় গোপীনাথ আশ্রম থেকে একটি শোবাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ’ মানুষ অংশ নেয়।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া অপর শোভাযাত্রাটি নতুন জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে।
