‘দুদিন আগে’ খুন হন নরসিংদীর দম্পতি
নরসিংদীর পলাশ উপজেলায় উদ্ধার দম্পতিকে দুদিন আগে খুন করা হয় বলে ধারণা করছে পুলিশ।
বুধবার সকালে বালিয়া গ্রামের নিজ বাড়িতে আরমান ভূঁইয়া (৬২) ও তার স্ত্রী মোসলেমা বেগমের (৫২) লাশ পাওয়া যায়।
পলাশ থানার ওসি মো. শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মনে হচ্ছে গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাদের নিজ ঘরে শ্বাসরোধে হত্যার পর লাশ তালাবন্ধ করে চলে যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরো জানান, আরমানের পর্তুগাল প্রবাসী ছেলে টিটু গত মঙ্গলবার সকাল থেকে সারাদিন মোবাইল ফোনে বারবার কল করেও বাবা-মার সঙ্গে কথা বলতে পারছিলেন না।
এতে সন্দেহ হলে তিনি আত্মীয় স্বজনদের একথা জানান, খোঁজ নিতে বলেন। পরদিন বুধবার সকালে স্বজনরা ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ দেখে পুলিশে খবর দেন।
পুলিশ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দুজনের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।
ওসি আরো জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই দম্পতিকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরের পর থানায় মামলা হওয়ার কথা রয়েছে।
