২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলি ফ্যামিলির চিকিৎসকদের বিরুদ্ধে নার্সদের অভিযোগ

রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক ও কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মিজানুর রহমানের কাছে পেশ করেছেন হাসপাতালের নার্সরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 11:55 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

তাদের অভিযোগ-  গত ১৮ অগাস্ট নার্সদের বেতনসহ বিভিন্ন সুবিধাদি নিয়ে সৃষ্ট জটিলতার কথা জানাতে নার্সরা হাসপাতালের পরিচালক ডা. মো. সিরাজুল ইসলামের সঙ্গে তার কক্ষে দেখা করতে গেলে সেখানে থাকা কলেজের উপাধ্যক্ষ ডা. দৌলতুজ্জামানের নেতৃত্বে কয়েকজন চিকিৎসক ও কর্মচারী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

মঙ্গলবার সকালে হাসপাতালের লাইব্রেরিতে হাসপাতাল প্রশাসন ও নার্সদের সঙ্গে চলমান সংকট নিরসনে বৈঠকে বসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

বৈঠকে হাসপাতালের দুই ওয়ার্ড সুপারভাইজার গ্রেট্রুড ক্রুশ ও নমিতা রড্রিক্স নার্সদের সঙ্গে চিকিৎসকদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ধরেন।

মিজানুর রহমান বলেন, “হাসপাতালের নার্সদের সঙ্গে একই মেডিকেল কলেজের কিছু শিক্ষক অশিক্ষকসূলভ আচরণ করেছেন বলে অভিযোগ পেয়েছি।

“যারা আইন লঙ্ঘন করে, আইন সঙ্গতভাবেই তাদের বিচার হবে।”

সংকট নিরসনে হাসপাতালের চেয়ারম্যানের সঙ্গে নার্সদের আলোচনার ব্যবস্থা করার জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, নার্সদের সঙ্গে যাতে কেউ অশোভন ও অসৌজন্যমূলক আচরণ না করে না দেখার দায়িত্ব হাসপাতাল প্রশাসনের।

হাসপাতালের পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিগগিরই চেয়ারম্যানের সঙ্গে নার্সদের আলোচনার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, “হাসপাতালে কর্মরত নার্সদের যৌক্তিক সব দাবি কর্তৃপক্ষ মেনে নেবেন বলে বিশ্বাস রাখি।”