শেরপুরে বিএনপির ৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট
গাড়ি ভাঙচুরের অভিযোগে শেরপুরে জেলা বিএনপির ৮৪ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বন্দে আলী অভিযোগপত্র জমা দেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক আশীষ, যুবদলের যুগ্ম-আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী ও ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপমসহ ৮৪ জনের বিরুদ্ধে এ চার্জশিট দেয়া হয়।
শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়া আগামী ৩ সেপ্টেম্বর শুনানির দিন রেখে মামলাটি দ্রুত বিচার আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন।
১৬ অগাস্ট সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাংঠনিক সম্পাদক রবিউল আলম রাসেলকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা শহরের রঘুনাথ বাজার এলাকায় উত্তেজিত নেতাকর্মীরা ১০-১৫টি গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়।
পরদিন উপ-পরিদর্শক মনিরুল আলম ভূঁইয়া বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
