গাজীপুরে কলেজছাত্রীকে এসিড নিক্ষেপকারী গ্রেপ্তার
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মামাতো বোনকে এসিড ছোঁড়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. মোহসীনকে (২২) কাপাসিয়া উপজেলার বাঘেরহাট এলাকা থেকে সোমবার ভোররাত ৩টার দিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় একই গ্রামের কলেজছাত্রী মামাতো বোনকে (১৭) এসিড ছোঁড়ার কথা জিজ্ঞসাবাদে স্বীকার করেছে মোহসীন।
রোববার ভোররাত চারটার দিকে ওই কলেজছাত্রীর শয়নকক্ষের খোলা জানালা দিয়ে তার গায়ে এসিড ছুঁড়ে পালিয়ে যায় মোহসীন। এ সময় মোহসীনের বাম পা এসিডে পুড়ে যায়।
“কলেজছাত্রীর চিৎকারে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এসিডে কলেজছাত্রীর মুখমণ্ডলসহ প্রায় পুরো শরীর ঝলসে গেছে।”
ওসি জানান, কলেজছাত্রীর চাচা শিহাব উদ্দিন সোমবার রাতেই কাপাসিয়া থানায় বাদী হয়ে মামলা করেছেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে মোহসীনকে আদালতে পাঠানো হয়েছে।
