২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের কাছে ফিরতে চায় মাটি

৯ বছর আগে মৌলভীবাজারের একটি মেলা থেকে হারিয়ে যাওয়া মাটি বাবা-মার কাছে ফিরতে চায়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

চারদিন আগে ভারত থেকে পালিয়ে পাবনায় আসে ১৫ বছরের কিশোর মাটি। স্থানীয়রা তাকে চাটমোহর থানায় হস্তান্তর করে। এখন থানা হেফাজতেই আছে সে।

সোমবার সাংবাদিকদের সে জানায়, ছয় বছর বয়সে বাবা-মার সঙ্গে মৌলভীবাজারের একটি মেলায় গিয়ে সে হারিয়ে যায়। তার বাবার নাম জসিম খান। তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন।

তবে গ্রামের নাম বলতে পারছে না সে।

মাটি সাংবাদিকদের জানায়, মেলায় হারিয়ে গেলে এক লোক তাকে বাবা-মার কাছে পৌঁছে দেয়ার কথা বলে ভারতে পাচার করে দেয়।

থানা হেফাজতে থাকা মাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, পাচারকারীরা তাকে মাদক ও অস্ত্র কারখানায় কাজ দেয়। দীর্ঘদিন ওই কারখানা থেকে পালিয়ে দেশে আসার চেষ্টা করছিল।

এ নয় বছরে ঘটে যাওয়া বিভিন্ন বেদনাদায়ক কথা সে জানায় কখনো হিন্দিতে আবার কখনো বাংলায়।

সে আরো জানায়,  চারদিন আগে ভারত থেকে পালিয়ে বেনাপোল সীমান্ত পার হয়। সেখান থেকে একটি ট্রাকে করে খুলনা। খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠে সে। কিন্তু ট্রেনে টিকেট না থাকায় রোববার দুপুরে চাটমোহর রেল স্টেশনে নামিয়ে দেন ট্রেনের টিকিট চেকাররা। পরে তাকে চাটমোহর থানায় সোপর্দ করে স্থানীয়রা।

ভারতে সে একটি মাদক ও অস্ত্র কারখানায় কাজ করত। মাদক তৈরি, বোতলজাত করা, আগ্নেয়াস্ত্র পরিষ্কারসহ নানা অপরাধমূলক কাজ করতে হয়েছে বলেও জানায়।

তিনমাস আগে মাদক তৈরির কারখানা থেকে পালিয়ে আসার পথে কলকাতা পুলিশের হাতে আটক হয়। এরপর তিন মাস কারাভোগের পর তাকে ছেড়ে দেয়। মুক্তি পেয়ে পুলিশের সহায়তায় বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তাকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য সোমবার আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

আদালত সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা বলেছে।

পরে বাবা-মার খোঁজ পেলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি মুন্সি জানান।

এছাড়াও মৌলভীবাজারের স্থানীয় দৈনিকে ও ক্যাবল নেটওয়ার্কে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হয়েছে।