২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

ভূমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল হাই বাদি নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন।

নগরীর পাহাড়তলী এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের জন্য জায়গাটি অধিগ্রহণ করা হয়েছিল।

মামলায় জেলা প্রশাসনের ভূমি জরিপকারী জুবায়ের আহমেদ ভূঁইয়া, কানুনগো মো. সেকান্দর আলী, অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা মো. ফারুক ও ভূমি দখল কর্মকর্তা সানজিদা শারমিনকে অাসামি করা হয়েছে।

দুদকের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১-১২ অর্থবছরে জনৈক আকবর হোসেনের কাছ থেকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের জন্য একটি জায়গা অধিগ্রহণ করা হয়।

জায়গাটি টিলা হিসেবে খতিয়ানভুক্ত হওয়ার পরও রেকর্ড পরিবর্তনের মাধ্যমে ভিটা উল্লেখ করে প্রকৃত দাম ১৩ লাখ ২৫ হাজার ৮৩৭ টাকার পরিবর্তে ৯১ লাখ ৩৬ হাজার ৩৮৮ টাকা দেখানো হয়। 

পরস্পরের যোগসাজশে ৭৮ লাখ ১০ হাজার ৫১১ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে, বলেন দুদক কর্মকর্তা আজিজ।