ফেইসবুক খুঁজে দিল হারানো বাবাকে
ফেইসবুকে পোস্ট দিয়ে হারানোর এক দিনের ব্যবধানে স্মৃতিহারিয়ে ফেলা বাবাকে খুঁজে পেয়েছেন এক সন্তান।
মাহি ইসলাম নামে এক ব্যক্তি গত রোববার ফেইসবুকে জানান, তার বাবা হারিয়ে গেছেন। সঙ্গে তার বাবার একটি ছবিও দিয়ে দেন।
পোস্টে তিনি বলেন, ‘আমার বাবা মো. আবুল কাশেম খান গত ২৪ অগাস্ট দুপুর থেকে নিখোঁজ আছেন। পরনে সাদা পাঞ্জাবি ও সবুজ চেক লুঙ্গী পরিহিত ছিলেন। তিনি ঠিক মত কথা বলতে পারেন না এবং স্মৃতি শক্তি নাই। তিনি একজন ব্রেন স্ট্রোকের রুগী। কেউ সন্ধান পেয়ে ফোন করলে কৃতজ্ঞ থাকব।’
মাহির ওই পোস্টের পর এগিয়ে আসেন অন্য ফেইসবুক ব্যবহারকারীরা। ২৬৩৮ বার পোস্টটি ফেইসবুকে শেয়ার হয়। পরে তিনি আবার তার পোস্টটি শেয়ার দেন। এটিও ৭৫৯ বার শেয়ার হয়।
সন্ধান চেয়ে দেয়া পোস্টে তিনি নিজের ফোন নম্বর এবং বাবার ছবিও ব্যবহার করেন।
মাহি ইসলামের এই পোস্টটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এই সুন্দর চেহারার মানুষটির ব্রেনস্ট্রোক হয়েছিল, তারপর থেকেই স্মৃতিভ্রষ্ট। গত ২৪ তারিখ থেকেই তিনি হারিয়ে গেছেন। তাঁর অসহায় সন্তানরা নানা ভাবে তাঁর খোঁজ করার চেষ্টা করেছেন। অসহায় মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, তাঁরাও সব মাধ্যমের মতোই ফেইসবুকেও ছবি দিয়েছেন।’
‘ফেইসবুকে কত অসম্ভবই সম্ভব হয়েছে, হয়তো এই ছবি ছড়াতে ছড়াতে ঠিকই জায়গা মতো কারো চোখে পড়ে যাবে, হয়তো এই অসহায় মানুষটি তাঁর সন্তানদের কাছে আবারও ফিরে আসবেন। এই প্রত্যাশায় শেয়ার করলাম।’
পরে জানা যায়, ভদ্রলোকের ছবি দেখে চিনতে পেরে একজন পথচারি ফেইসবুকে দেয়া নম্বরে ফোন করে ভদ্রলোকের অবস্থান জানিয়েছেন।
