ডেসটিনির অর্থ পাচার: পলাশকে আত্মসমর্পনের নির্দেশ
ডেসটিনির অর্থ পাচার মামলায় ‘ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনালের’ মালিক শফিউল ইসলামকে পলাশ আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের একটি আবেদনের শুনানির করে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।
দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ না করলে পলাশকে গ্রেপ্তার করতে বলা হয়েছে আদেশে। একইসঙ্গে তাকে দেয়া হাই কোর্টের জামিন দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর ডেসটিনির বিরুদ্ধে মামলার বাদি দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
গত ১২ অগাস্ট হাই কোর্ট থেকে জামিন পান শফিউল ইসলাম পলাশ। পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান। তার জামিন বাতিলের আবেদন নিয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আসে।
গত বছর কলাবাগান থানার একটি মামলায় ডেসটিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ হাজার ১৭৮ কোটি ৬১ লক্ষ ২৩ হাজার ২৪ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়।
মামলায় ঋণ ডিভিডেন্ড ও কমিশন হিসাবে ডেসটিনির সম্পদ নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেয়ার অভিযোগ আনা হয়, যাতে পলাশকেও আসামি করা হয়।
