২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: ইকোনমিস্টের বিষয়ে আদেশ ২৬ সেপ্টেম্বর

লন্ডনভিত্তিক সাময়িকী দ্যা ইকোনমিস্টের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ২৬ সেপ্টেম্বর নতুন দিন রেখেছে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি এটিএম ফজলে কবীর নতুন তারিখ ঠিক করে দেন। 

প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করায় এবং এ বিষয়ে ওই বিচারককে টেলিফোনে প্রশ্ন করায় গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্টের বিরুদ্ধে রুল জারি করে ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় ইকোনমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো চিফের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।  

তবে কথিত সেই কথোপকথন নিয়ে বিতর্কের মধ্যেই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের তখনকার প্রধান বিচারপতি নিজামুল হক।

ওই রুলের বিষয়ে গত ১৮ জুলাই ইকোনমিস্ট ও প্রসিকিউশনের আইনজীবীদের শুনানি শেষ হয়।

ওই দিন ইকোনমিস্টের পক্ষে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, বিচারকের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে পারবে না- এমন কথা বাংলাদেশের কোনো আইনে নেই। সুতরাং ইকোনমিস্ট আদালত অবমাননা করেনি।

এর আগে গত ২৫ মার্চ আদালত অবমাননার বিষয়ে ইকোনমিস্টের পক্ষে লিখিত জবাব দেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।