সাভারে পুলিশ সদস্য গুলিবিদ্ধ
সাভারের আমিন বাজারে অবরোধের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ‘অসাবধানতাবশত’ এক পুলিশ সদস্যের গুলিতে আহত হয়েছেন তার সহকর্মী।
বাম হাতে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সেলিম হোসেনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিনবাজার পুলিশ ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে স্থানীয় ব্যবসায়ীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়ার আশ্বাসের ভিত্তিতে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।
“পরিস্থিতি শান্ত হলে বিকালে পুলিশের অতিরিক্ত সদস্যদের সেখান থেকে তুলে নেয়া হলে ফেরার পথেই অসাবধানতাবশত অন্য এক কনস্টেবলের শটগান থেকে একটি গুলি বের হয়ে সেলিমের হাতে বিদ্ধ হয়।”
