পিরোজপুরে ৪ পুলিশ বরখাস্ত
পিরোজপুরের মঠবাড়িয়ায় হাতকড়া পড়া অবস্থায় আসামি পালিয়ে যাওয়ায় এক কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার পিরোজপুরের জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, দায়িত্বে অবহেলার কারণে ওই ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।
এরা হলেন- আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান, কনস্টেবল জহর আলী, মোহাম্মদ আলী ও মোফাজ্জেল হোসেন।
গত শুক্রবার বিকেলে মাদক মামলার আসামি সাদ্দাম হোসেনকে (২৮) মঠবাড়িয়া আদালত হতে পিরোজপুর জেলা কারাগারে নেয়া হচ্ছিল। পথে চরখালী ফেরিঘাট এলাকায় বাস থেকে নদীতে লাফিয়ে পড়ে তিনি হাতকড়াসহ পালিয়ে যান।
শনিবার ভোরে সাদ্দামকে ভান্ডারিয়া উপজেলার চিত্রাপাতাকাটা গ্রামের বাড়ি হতে পুলিশ গ্রেপ্তার করে।
