২৪ দিন পর দগ্ধ গৃহবধূর মৃত্যু
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শ্বশুরবাড়িতে আগুনে দগ্ধ গৃহবধূ ফারজানা আক্তার (২২) সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২ অগাস্ট উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠনগড় গ্রামের বাহরাইন প্রবাসী সগির আহম্মদের স্ত্রী অগ্নিদগ্ধ হন।
প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে ওইদিনই তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ফারজানার মা নাসিমা আক্তার শ্বশুর-শাশুড়ী ও দেবর-ননদসহ ছয় জনকে আসামি করে একটি মামলা করেন।
ছাগলনাইয়া থানার ওসি আমিনুল ইসলাম ফারজানার মৃত্যুর সংবাদ শুনেছেন উল্লেখ করে বলেন, পুলিশ এ ঘটনার আসামি হারিছা বেগম (৫০), কবির আহম্মদ (৬০), একরামুল হক (২২), শহীদ আহম্মদ (১৯), মনোয়ারা বেগম (২৪) ও মাহফুজুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে।
তারা বর্তমানে জেল হাজতে আটক রয়েছেন।
গৃহবধু ফারজানা আক্তারের মা নাসিমা আক্তার অভিযোগ করেন, গত ২ অগাস্ট সকালে পারিবারিক কলহের জের ধরে ফারজানার (২২) সঙ্গে শাশুড়ী হারিছা বেগমের (৫০) কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
এতে শ্বশুর, দেবর-ননদসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে ফারজানা তার নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়ে। এ অবস্থায় ফারজানার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে জানান নাসিমা।
“ঈদের আগে মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকজনের জন্য সেমাই-চিনি নিয়ে এসেছিল। এসব পছন্দ না হওয়াতেই তারা ফারজানার গায়ে আগুন দেয়।”
