যৌতুকের মামলায় সেনা কর্মকর্তা কারাগারে
স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে গেছেন সেনাবাহিনীর এক কর্মকর্তা।
ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত মেজর সুমন আহমেদকে সোমবার কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে এই আদেশ দেন বিচারক।
স্ত্রী যুব মহিলা লীগের নেত্রী মোসাম্মৎ কিশোয়ারা সুলতানা সালমা এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ এনে গত ২৫ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন।
সেদিন সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে তিনি হাই কোর্টে আত্মসমর্পণ করে চার সপ্তাহের জামিন নেন।
ওই জামিনের মেয়াদ পেরিয়ে গেলে সোমবার মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন সুমন।
সুমন এর আগে র্যাব-১ এর সিও হিসাবে কর্মরত ছিলেন বলে জানান বাদীর আইনজীবী সৈয়দ নাজমুল হক।
মামলায় বলা হয়, যৌতুকের দাবিতে বাদিকে মারধরও করেছিলেন সেনা কর্মকর্তা সুমন।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে আসামির আইনজীবী নজরুল ইসলাম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি মিথ্যা মামলা। সুমনকে হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে।”
