জামায়াত নেতার গ্রেপ্তার দাবি করেছে তার মেয়ে
মধ্যপ্রাচ্য প্রবাসী এক জামায়াত নেতার বিরুদ্ধে ফটিকছড়ির ভুজপুরসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবে অর্থ যোগানের অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার মেয়ে।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমান প্রবাসী বাবা হাফিজুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ করেন সায়মা আক্তার (২১)।
লিখিত বক্তব্যে সায়মা আক্তার বলেন, “আমার বাবা জামায়াতের একজন প্রবাসী রুকন। দীর্ঘ দিন ধরে তিনি সেখানকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশে জামায়াত-শিবিরের কাছে টাকা পাঠাতেন।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফটিকছড়ির ভুজপুরের ঘটনায় তিনি অর্থ যোগান দিয়েছেন। ঘটনার আগে তিনি ফোনে দেশে তার সংগঠনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। আমি সেসব কথা শুনেছি।”
গত ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মসজিদে হামলা করার গুজব মসজিদের মাইকে ছড়িয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলা হয়। এতে কয়েকজন জন নিহত এবং পুলিশ ও বিজিবিসহ প্রায় দেড়শ’ জন আহত হয়।
‘স্বাধীনতাবিরোধী’ হিসেবে বাবার রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘৃণা করেন জানিয়ে সায়মা বলেন, তার ব্যাংক হিসাব পর্যালোচনা করলে জামায়াতকে অর্থ যোগানের বিষয়টির প্রমাণ পাওয়া যাবে।
ওমানফেরত সায়মা সংবাদ সম্মেলনে বলেন, “আমি জামায়াত রাজনীতির সঙ্গে বাবার সম্পৃক্ততার প্রতিবাদ করতাম বলে সেখানে আমাকে একরকম গৃহবন্দি করে রাখা হত।”
দেশে এলে নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি নজির ভান্ডার লেইনের বাসায় থাকেন বলে জানান তিনি।
গত বছর দেশে ফিরে ৪ নভেম্বর আদালতে গিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা কে এম জামানের ছেলে হাসানুজ্জামান আরমানকে বিয়ে করেন সায়মা।
জামায়াত নেতার এই মেয়ে বলেন, “মুক্তিযোদ্ধার সন্তানকে বিয়ে করার বিষয়টি জানার পর আমার ওপর নির্যাতন বেড়ে যায়।”
গত ৪ জুলাই দেশে ফিরে স্বামীর বাসায় উঠেন সায়মা। এরপর মায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ জুলাই স্বামীসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সায়মা।
তিনি বলেন, “বয়স প্রমাণ করায় এবং নিজ ইচ্ছায় বিয়ে করার বিষয়টি জানালে আদালত আমাকে শ্বশুর-শাশুড়ির জিম্মায় দেয়। তবে আমার স্বামী এখনো জামিন পায়নি।”
প্রবাসী বাবার প্ররোচনায় জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা শ্বশুর বাড়ির লোকজনকে হুমকি দিচ্ছে অভিযোগ করে স্বামী ও শ্বশুর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান সায়মা।
