২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বনির্ভর বাংলাদেশ’:নির্বাহী কমিটি বরখাস্তের আদেশ স্থগিত

বেসরকারি সংগঠন ‘স্বনির্ভর বাংলাদেশ’র নির্বাহী কমিটি বরখাস্তে দেয়া আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়।

তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়।

একইসঙ্গে ওই আদেশ কেন বাতিল করা হবে না, রুলে তা জানতে চেয়েছে আদালত।

চার সপ্তাহের মধ্যে সমাজকল্যাণ সচিব, অর্থ সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘স্বনির্ভর বাংলাদেশ’র চেয়ারম্যান এস এম আল হোসাইনী রিট আবেদনটি করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামাল হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এস এম আল হোসাইনীর নেতৃত্বাধীন ৯ সদস্যের ওই কমিটিকে গত ১৯ অগাস্ট বরখাস্ত করে সমাজকল্যাণ অধিদপ্তর।

তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অপশাসন, আর্থিক দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ওই প্রতিষ্ঠান পরিচালনায় দুই সদস্যের একটি তত্ত্ববধায়ক বডি গঠন করে দেয় অধিদপ্তর।