নারায়ণগঞ্জে প্যাকেজিং কারখানায় আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্যাকেজিং কারখানার যন্ত্রপাতিসহ কাঁচামাল পুড়ে গেছে।
সোমবার ভোরে ফতুল্লার টাগারপাড় এলাকায় ‘আর বি প্যাকেজিং’ কারখানায় এ অগ্নিকাণ্ডে চারটি মেশিনসহ বিপুল পরিমাণ কাগজ, কার্টন এবং কাগজ তৈরির কাঁচামাল পুড়ে গেছে।
পরে অগ্নিনির্বাপক বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, ‘আর বি প্যাকেজিংয়ে’ রাতে কাজ চলছিল। ভোরে কারখানাটিতে আগুন ধরে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
কারখানা মালিক রোকনউদ্দিনের দাবি, আগুনে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
