মৌলবাদী তৎপরতায় সরকার উদ্বিগ্ন: আইনমন্ত্রী
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ‘মৌলবাদী গোষ্ঠীর সন্ত্রাসী কার্যক্রমে’ সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সোমবার ঢাকায় সার্ক আঞ্চলিক জুডিশিয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, “সরকার বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে উদ্বিগ্ন। বিশেষ করে এর মধ্যে কিছু মৌলবাদী কার্যক্রম রয়েছে। তারা কেবল সাধারণ মানুষকেই আক্রমণ করছে না, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা করছে। সরকার এটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে।”
অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘তালেবান স্ট্যান্ডার্ডের’ প্রশিক্ষণ নিয়ে ‘কোনো কোনো সংগঠন’ ধর্মভিত্তিক রাজনীতি করতে চাইছে। এসব সংগঠনে জড়িতরাই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
এই উক্তির মধ্য দিয়ে মন্ত্রী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে ইঙ্গিত করছেন কি-না জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর না দিয়ে মন্ত্রী বলেন, “যারাই চালাচ্ছে, তাদের কার্যক্রম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তারা অস্ত্রসজ্জিত হয়ে সাধারণ মানুষকে আক্রমণ করতে চাইছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। অর্থাৎ গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে বাধা সৃষ্টি করছে।”
দেশে নতুন করে জঙ্গি তৎপরতার খবর প্রকাশিত হওয়ায় সরকার যে উদ্বিগ্ন, তা উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সুপারিশেও।
কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের শেষ সময়ে বিরোধী দলের আন্দোলন হয়, এটা স্বাভাবিক। কিন্তু আন্দোলনের নামে জামায়াত-শিবির আর জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়েছে। কমিটি পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে।”
ফাইল ছবি
এছাড়া যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় চলতি বছরের শুরু থেকেই জামায়াতে ইসলামীর কর্মীরা সারা দেশে বিভিন্নভাবে নাশকতার চেষ্টা চালিয়ে আসছে বলে সরকারের অভিযোগ।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সোমবার সাংবাদিকদের বলেন, যেসব সংগঠন ‘ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহার করতে চায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে তার রূপরেখা সংবিধানেই বলা আছে।
“সংবিধানেই বলা আছে নির্বাচনের সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার করার কথা। বাহাত্তরের সংবিধানেই সেটি আছে। সংবিধানের ৫৬, ৫৭ অনুচ্ছেদ যদি দেখেন তাহলে কিন্তু সেখানে এটা বলা আছে। কাজেই বিনা কারণে তর্ক সৃষ্টি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, বর্তমান সরকারের অধীনেই চলতি বছরের শেষ নাগাদ আগামী জাতীয় নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না অভিযোগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি।
আইনমন্ত্রী বলেন, “নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তারা স্বাধীনভাবেই কাজ করে। এই কমিশনের অধীনে ইতোপূর্বে যে ক’টি নির্বাচন হয়েছে সেখানে এটি প্রমাণিত হয়েছে। কাজেই সংবিধান অনুযায়ী দেশ চলবে, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে।”
ওই নির্বাচনের রূপরেখা জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটা নির্ভর করছে আলোচনার ওপর। এখন বলা ঠিক হবে না। গ্রহণযোগ্যভাবে সবাই আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে সেটা সবার গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।”
আর এজন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই বলেই মনে করেন শফিক আহমেদ।
