অর্থই সন্ত্রাসবাদের অক্সিজেন: মজিনা
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে এ ধরনের কর্মকাণ্ডে অর্থায়নের পথ বন্ধ করার ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
ড্যান ডব্লিউ মজিনা, ফাইল ছবি
“অর্থই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, অর্থই সন্ত্রাসবাদকে সম্ভব করে, অর্থই সন্ত্রাসবাদের অক্সিজেন।”
আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জিততে হলে এই ‘অক্সিজেনের সরবরাহ’ অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন মজিনা।
সম্প্রতি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম ও বিইএম নামে নতুন দুটি জঙ্গি সংগঠনের তৎপরতার খবর এবং আন্দোলনের নামে জামায়াত-শিবিরসহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের নাশকতার চেষ্টার মধ্যেই মুদ্রা পাচার ও জঙ্গিবাদে অর্থায়ন বিষয়ে তিন দিনের এই সম্মেলন হচ্ছে।
সার্কভুক্ত দেশগুলোর বিচারক ও বিচারিক কর্মকর্তাদের নিয়ে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন আয়োজনে সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম ব্যুরো।
উদ্বোধনী অনুষ্ঠানে মজিনা বলেন, “আপনারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা সাহসী বিচারক। সন্ত্রাসের শ্বাসরোধ, তাদের অর্থের যোগান বন্ধ করার মতো কঠিন কাজের দায়িত্ব আপনাদের ওপর। জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এটা প্রয়োজন। এটা সহজ কাজ নয়, ঝুঁকিমুক্তও নয়।”
জনগণকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতেই সন্ত্রাসবাদে অর্থের যোগান ও মুদ্রা পাচারের মতো অপরাধ বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, অর্থনৈতিক অপরাধ এবং অর্থ পাচার রোধে সংসদকে শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে। আইনগুলোকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে।
“অর্থ পাচারকারীদেরদের খাঁচায় ভরতে শক্তিশালী আইন প্রণয়নের ক্ষেত্রেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পরস্পরের সহযোগী।”
অর্থ পাচারকারীদের ধরতে এবং এর মূল হোতাদের আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যেও এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, “সীমান্ত ও সার্বভৌমত্বের প্রশ্ন রাষ্ট্রগুলোর একসঙ্গে কাজ করার ক্ষমতা সীমাবদ্ধ করে দেয়। অপরাধী ও সন্ত্রাসীদের সে সীমাবদ্ধতা নেই। আমরা আমাদের সংকীর্ণতা, জাতীয়তাবাদী চিন্তার শিকার হতে পারি না। তাই অর্থ পাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিকামী জাতিগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
অর্থপাচারকারী এবং সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে বিচারকদেরকে ‘অনুঘটক’ অভিহিত করে ড্যান মজিনা বলেন, “আপনাদেরই এ কঠিন কাজটি করতে হবে।… সরকার যাতে সন্ত্রাস ও অর্থ পাচারবিরোধি আইন দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।”
