ভোলার বিদ্যুৎ কেন্দ্র এখনো ঠিক হয়নি
ভোলার গ্যাসভিত্তিক ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্ল্যান্ট আবার কবে নাগাদ বিদ্যুত উৎপাদনে যাবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ।
গত ১০ অগাস্ট রাতে এ বিদ্যুৎ কেন্দ্রটি বিকল হয়ে গেলে পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়। টানা ৭৪ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে মেরিন ক্যাবল লাইন পুনঃস্থাপন শেষে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ দেয়া হয়।
এ থেকে গড়ে প্রতিদিন ৮/৯ মেগাওয়াট বিদ্যুত পাওয়া যাচ্ছে।
এছাড়া রোববার সন্ধ্যা কালাবদর নদীর তলদেশ দিয়ে ভোলা-বরিশাল গ্রিড লাইন থেকেও পাওয়া যাচ্ছে আরো ৮ মেগাওয়াট। এতে বিদ্যুৎ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
ভোলা জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ২৭ মেগাওয়াট।
সিনহা গ্রুপের মালিকানাধীন এই বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক প্রকৌশলী হামুদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলায় তাদের পাওয়ার প্ল্যান্টটি ফ্রান্সের আলস্টোম কোম্পানির তৈরি। ওই নির্মাতা প্রতিষ্ঠানের ১০ সদস্যের একটি টিম বর্তমানে প্ল্যান্টটির ত্রুটি নিরুপনের কাজ করছে।
এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ ফ্রান্স থেকে আনা হবে। তারপর মেরামতের কাজ শুরু হবে।
এতে ঠিক কতদিন লাগবে তিনি তা বলতে পারেননি।
এদিকে, কালাবদর নদীর তলদেশ দিয়ে ভোলা-বরিশাল গ্রিড লাইনের মেরিন ক্যাবল বসানোর কাজ রোববার (২৫ অগাস্ট) বিকালে শেষ হয়েছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উপসহকারী প্রকৌশলী তাপস কুমার জানান, কালাবদর নদীর তলদেশ দিয়ে ভোলা-বরিশাল গ্রিড লাইনের মেরিন ক্যাবল বসানোর পর রোববার সন্ধ্যা থেকে আরো ৮ মেগাওয়াট বিদ্যুত পাওয়া যাচ্ছে।
ফলে প্রতিদিন ২৭ মেগাওয়াট চাহিদার এই জেলায় বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি জানান।
প্রকৌশলীর বরখাস্ত আদেশ স্থগিত
বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ওজোপাডিকোর ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীর বরখাস্ত আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
রোববার (২৫ অগাস্ট) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও মুহাম্মদ খুরশিদ আলম সরকারের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে ছয় মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে। পাশাপাশি ওই বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সচিব, পিডিবি চেয়ারম্যান, ওজোপাডিকোর এমডি, নির্বাহী পরিচালক (প্রকৌশল), তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জবাব দিতে বলা হয়েছে।
