উন্নত দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা করছে না: মুহিত
উন্নত দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি রক্ষা না করায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো নিজেদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত দেশগুলো তাদের জিডিপির দশমিক ৭০ শতাংশ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা বাবদ দেয়ার কথা থাকলেও তারা তা দিচ্ছে না। অথচ ৫০ বা ৬০-এর দশকে উন্নত দেশগুলোতে জিডিপির ২ দশমিক ৬০ শতাংশ পর্যন্ত সহায়তা পাওয়া গেছে।
রোববার রাজধানীতে কার্যকর উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ে এক কর্মশালায় একথা বলেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, “বৈশ্বিক মন্দার পরে বোঝা গেছে, বিশ্ব অর্থনীতির মধ্যে শক্ত অবস্থানে আছে এশিয়া। কিন্তু তারপরও এশিয়াতেই সবচেয়ে বেশি গরীব ও বেকারত্ব রয়েছে। আমরা আশা করি, উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।”
সকালে রাজধানির সোনারগাঁও হোটেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার।
এশিয়ার ১৮টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হওয়া এই কর্মশালায় ২০১৫ সালের পরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন এজেন্ডাগুলো ঠিক করতে আলোচনা হবে।
