২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

বরিশাল জেলা ছাত্রদলের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 09:15 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

রোববার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, ছাত্রদলকর্মীরা সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দিনব্যাপী আয়োজিত প্রতিনিধি সভার শুরুতে সভাস্থলে প্রবেশাধিকার ছিল সীমিত। প্রতিনিধি ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি।

“তবে সভার শেষ মূহুর্তে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তছলিম উদ্দিনের বেশ কিছু সমর্থক সভাস্থলে প্রবেশ করে তাদের পক্ষে শ্লোগান দেয়।”

এ সময় জেলা ছাত্রদলের অপর যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার সমর্থকরাও টাউন হলে প্রবেশ করায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

তবে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তছলিম উদ্দিন বলেন, কর্মীদের মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিষয়টি মিমাংসা করেন।

অন্যদিকে, যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান মুন্না দাবি করেন, তছলিম উদ্দিনের কর্মীরা সেখানে ঢুকে শ্লোগান দিলে আমার কর্মীরাও প্রবেশ করে। এ সময় তছলিম উদ্দিন তার কর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল দিলে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়।