বিএসএফের হাতে আটক ব্যবসায়ীর মৃত্যু
নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বিজিবি জানিয়েছে, শনিবার বিকালে ব্যবসায়ী ফারুক হোসেন (২৫) ভারতের মালদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফারুক সাপাহার উপজেলার বেলডাঙ্গা গ্রামের এনারুল হকের ছেলে। সোমবার তার লাশ হস্তান্তর করবে বিএসএফ।
শনিবার ভোরে ফারুক ও একই উপজেলার কৃষ্ণসদা গ্রামের মান্নানের ছেলে জিয়াউর রহমান ভারতের পান্নাপুর গ্রাম দিয়ে ফিরে আসার সময় গরুসহ বিএসএফ তাদের আটক করে।
পরে ওইদিন সকাল ১১টায় হাপানিয়া সীমান্তের ২৩৫/২৩৬ পিলারের পাশে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে বিএসএফ জানায়, গরু চুরির মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশে দেয়া হয়েছে।
বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন জানান, বিএসএফ রোববার বিকালে এক পতাকা ফারুকের মৃত্যুর খবর জানিয়েছে। সীমান্তের ২৩৫ নম্বর পিলারের পাশে এ বৈঠক হয়।
“বিএসএফ জানিয়েছে, গরু চুরির সময় ফারুক পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকালে তিনি মারা যান।”
এছাড়া ফারুকের সঙ্গী জিয়াউর রহমানকে মালদহ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিএসএফ ফারুকের লাশ হস্তান্তর করবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার।
