জাতীয় বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের বাধ্যতামূলক একটি কোর্স যুক্ত হচ্ছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ৭৯তম একাডেমিক কাউন্সিল সভায় ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ কোর্স অন্তর্ভূক্তের এ সিদ্ধান্ত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, সিদ্ধান্ত অনুযায়ী অনার্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং ডিগ্রি পাস ১ম বর্ষে কলা, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, বিজ্ঞান নির্বিশেষে সকল ধারার শিক্ষার্থীদের জন্য আগামী শিক্ষাবর্ষ থেকে এ বিষয়টি সিলেবাসে অন্তর্ভূক্ত করা হচ্ছে।
এ ছাড়াও সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের শিক্ষা কার্যক্রম সরেজমিনে মনিটরিং করার উদ্দেশ্যে ‘একাডেমিক মনিটরিং টিম’ পাঠানো এবং ক্যাম্পাসে থিসিসসহ ১ বছর ৬ মাস মেয়াদী মাস্টার্স ও এমবিএ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর হারুন-অর-রশিদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ওই তথ্য জানানো হয়েছে।
