মংলার পশুর চ্যানেলে ড্রেজিং করবে চীনা প্রতিষ্ঠান
মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় খনন করতে নৌ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছে চীনের একটি প্রতিষ্ঠান।
রোববার সচিবালয়ে মংলা বন্দর কর্তৃপক্ষ এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির মধ্যে ১৩২ কোটি টাকার এই চুক্তি হয়।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এইচ আর ভূইয়া এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির বাংলাদেশের প্রতিনিধি হুয়াং দাওজুন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির মধ্য দিয়ে মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকার জেটি এবং মুরিং বয়ায় ৭ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর লক্ষ্যে গভীরতা সংরক্ষণ করা হবে।
নৌ মন্ত্রণালয়ের আওতাধীন মংলা বন্দর কর্তৃপক্ষ খনন কার্যক্রমের জন্য ১৩২ কোটি টাকা ব্যায়ে এই প্রকল্প নিয়েছে। চুক্তি অনুযায়ী চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ২০১৪ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের কাজ শেষ করবে।
নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রস্তাবিত খনন এলাকায় হাইড্রোগ্রাফি সার্ভে চার্টের ভিত্তিতে সবুর বেকন টার্নিং গ্রাউন্ড, জেটি সম্মুখ, জেটি চ্যানেল, কনফ্লুয়েন্স চ্যানেল, মুরিং বয়া এবং বেস ক্রিক এলাকায় ৩৫ দশমিক ১১ লাখ ঘনমিটার খনন করা হবে।
এর ফলে ওই এলাকার গভীরতা এক থেকে সাড়ে তিন মিটার পর্যন্ত বাড়বে বলে জানান তারা।
চুক্তি স্বাক্ষর শেষে নৌমন্ত্রী শাজাহান খান ‘চ্যালেঞ্জিং’ কাজে চীনের কোম্পানিটি কাজ নেয়ায় তাদের ধন্যবাদ জানান। চীনকে বাংলাদেশের পুরাতন ও পরীক্ষিত বন্ধু হিসাবেও আখ্যায়িত করেন তিনি।
বাংলাদেশের বন্দরে খনন কাজের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করে হুয়াং দাওজুন বলেন, এই চুক্তির ফলে আরো চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের কর্মকর্তা ছাড়াও নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
