আনসারুল্লাহ’র ৫ সদস্য রিমান্ডে
উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আটক পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে পুলিশি হেফাজতে দিয়েছে আদালত।
রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নোমান মাঈনুদ্দিনের আদালতে শুনানি শেষে এ হেফাজত মঞ্জুর করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোবাশ্বের আলী তাদের ১০ দিন করে হেফাজত চেয়েছিলেন।
পরে আদালত ইউসুব আলী মৃধাকে ৩ দিন, আবদুর রহমান মাতুব্বর ও আশ্রাফ আলীকে ২ দিন, আউয়াল সিরাজ ও আলমগীর হোসেনের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার।
এদিকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে ৪ দিনের রিমান্ড শেষে রোববার বিকেলে আবারো বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, মুফতি জসীমকে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মুফতি জসীম উদ্দিন রাহমানির বাড়ি বরগুনা জেলা সদরে হলেও তার ঘাটি হচ্ছে ঢাকা মহানগরে। ঢাকাতেই সে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।
গত ১২ অগাস্ট বরগুনা থানা পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জনকে গ্রেপ্তার করে।
পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, সিডিসহ উস্কানিমূলক বই উদ্ধার করা হয়।
জসীমের কার্যালয়ে দুই মন্ত্রীসহ ১২ জনের নামের একটি তালিকা পাওয়া গেছে, যাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
