বঙ্গবন্ধু সেতু সংস্কারের উদ্যোগ
বঙ্গবন্ধু সেতুতে খানাখন্দ মেরামতের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার কাজ শুরু হয় বলে জানান সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ।
মঙ্গলবার ‘বঙ্গবন্ধু সেতুতে খানাখন্দ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রকৌশলী কবির আহম্মেদ বলেন, সেতুর পূর্ব প্রান্তে ৪৭ ও ৪৮ নং পিলারের পূর্বদিকে দক্ষিণ লেনে মেরামত কাজ চলছে।
তিনি বলেন, যানবাহনের চাপের কারণে ঈদের আগে খানাখন্দ মেরামত করা সম্ভব হয়নি। বর্তমানে সেতুতে যানবাহনের চাপ কম থাকায় কাজ শুরু হয়েছে।
আগামী ডিসেম্বরের মধ্যে ছোটখাটো সমস্যাগুলো মেরামত শেষে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে (বিবিএ) তা হস্তান্তর করবে।
সরেজমিন গিয়ে দেখো যায়, সংস্কার কাজের জন্য আস্তরণ তোলার কারণে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল করছে কিছুটা ধীর গতিতে।
চীনের কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি ২০১২ সালের জুনে সেতুর ফাটল মেরামত শুরু করে। এ বছরের ডিসেম্বরে এ কাজ শেষ করার সময় নির্ধারিত থাকলেও এগিয়ে এনে এপ্রিলে কাজ শেষ করা হয়।
এরপর চার মাসের মাথায় সেতুর পূর্বপাড়ের দক্ষিণ লেনের ৪৭ থেকে ৪৮ নম্বর পিলারের মধ্যবর্তী অংশে প্রায় ১০০ মিটার এলাকায় আবরণ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
১৯৯৮ সালের ২৩ জুন সেতুটি উদ্বোধন করা হয়। একশ বছরের গারান্টি দেয়া সেতুতে ২০০৬ সালে ফাটল দেখা দেয়। এরপর থেকেই কয়েকদফা সংস্কার ও মেরামত কাজ করা হয়।
