রাবিতে দুই ‘শিবিরকর্মী’ আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।
শনিবার গভীর রাতে শহীদ সোহরাওয়ার্দী হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের আটক করে।
এরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী আনিসুর রহমান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দেড়টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা আরিফ ও আনিসুরকে জিজ্ঞাসাবাদে শিবিরের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পেলে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ তাদের থানায় নিয়ে এসেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ওই দুই ছাত্রকে শিবির সন্দেহে পুলিশে দেয়া হয়েছে। তারা এখন থানায় আটক আছেন।
ছাত্রলীগ নেতা তৌহিদ আল তুহিনের উপর হামলার পর ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে আমীর আলী হলের পাশের রাস্তায় তুহিনের উপর হামলা চালিয়ে তার বাম হাত, ডান পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ছাত্রলীগ নেতারা ওই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে আসছেন।
