চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ও সার আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোর ৫টায় ও সকাল ৯টায় পৃথক দুটি অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উথলী বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার নাজমুল হক জানান, গোপন সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা মোড়ে বস্তাবোঝাই একটি আলমসাধু (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত যান) তল্লাশি করে ৩০ বস্তা ভারতীয় সার উদ্ধার করা হয়।
এ সারের মূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা বলে জানান তিনি।
একই বিজিবি দল সকাল ৯টায় দামুড়হুদার মদনা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে, যার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলে বিজিবি কমান্ডার জানিয়েছেন।
