শিক্ষার্থীদের পাস্তুরিত দুধ খাওয়ানো হবে
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাতটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাস্তুরিত তরল দুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মিল্ক ইউনিয়ন ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে শনিবার দুপুরে পোতাজিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রীর মাঝে তরল দুধ বিতরণ করা হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ প্রকল্পের আওতায় সপ্তাহের ছয় দিন স্কুল চলাকালে টিফিন হিসেবে বিনামূল্যে প্রতি শিক্ষার্থীকে ২০০ মিলিলিটার তরল দুধ খাওয়ানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের এক বছর এসব স্কুলে দুধ খাওয়ানো হবে বলেও জানান তারা।
কর্মসূচির উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মিল্কভিটা উপর আরোপিত ছয় কোটি টাকার ভ্যাট মওকুফ করেছেন। এছাড়া গোখাদ্য কারখানা করার জন্য সরকারি তহবিল থেকে ২০ কোটি ৩৮ লাখ টাকা অনুদান দেয়া হয়।
এই কর্মসূচির কারণে শিশুদের ঝড়ে পড়া রোধ হবে ও লেখাপড়ায় মনোযোগ বাড়বে। এছাড়াও গাভী পালনে উদ্যোক্তারা আগ্রহী হবে বলেও সভায় জানানো হয়।
মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান তরুণের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, এফএও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিস রশনী মার্সেস, থাইল্যান্ডের এফএও এবং র্যাপের লাইভস্টক পলিসি অফিসার বিনোথ আওজা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ুন খালিদ, জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশ সুপার এসএম এমরান হোসেন, মিল্কভিটার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম এবং মিল্ক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
