চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার জেলার পটিয়া উপজেলায় ও মহানগরীর সরাইপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের এএসআই ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটো রিকশার সংঘর্ষে চারজন আহত হয়।
তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই অটো রিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানায় হাইওয়ে পুলিশ।
এদিকে বিকালে মহানগরীর সরাইপাড়ায় একটি সিএনজি রিফুইলিং স্টেশনে কভার্ড ভ্যানের ধাক্কায় তেলবাহী ভাউচারের চালকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কনকা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর একটি তেলবাহী ভাউচারকে ধাক্কা দেয়।
এতে ভাউচারের চালক মো. সুমন (২৫) ও চালকের সহকারী মো. নুরুল ইসলাম (২২) গুরুতর আহত হয়। চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করে।
কভার্ড ভ্যানটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
