২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা এলে নতুন ভবন করে দুর্নীতি হবে: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতা পেলে দেশের চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে, শুরু হবে দুর্নীতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 07:02 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

শনিবার নারায়ণগঞ্জে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি বলেন, “তারা ক্ষমতায় গেলে আবার হাওয়া ভবন করে, হাওয়া ভবনের পরিবর্তে নতুন ভবন করে, দেশের চলমান উন্নয়নগুলো বন্ধ করে নতুনভাবে দুর্নীতি শুরু করবেন।”

বিরোধী দলীয় নেতার ‘নতুন ধারার সরকার গড়ার’ বক্তব্যেরও সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী।

যুদ্ধাপরাধীদের বিচার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়েই দেশ অভিশাপমুক্ত হবে। ঠিক যেমন জাতির পিতার হত্যাকারীদের বিচার হয়েছে।”

“নৌকা মার্কায় ভোট চাই। আবারও নির্বাচিত করতে উন্নয়ন সচল থাকবে। উন্নয়নের দাবিদাওয়া করতে হবে না, আওয়ামী লীগ জানে কোথায় উন্নয়ন করতে হয়।”

সমাবেশে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য জানানোর পাশাপাশি বিগত জামায়াত-বিএনপি সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, চার দলীয় জোট ক্ষমতায় এলেই তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।

সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, শামীম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।