২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্রলীগকর্মীর ওপর হামলা তদন্তে কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীর উপর হামলার ঘটনায় শনিবার মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:37 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। পুলিশ নয় শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।

এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে শনিবার প্রক্টরিয়াল বডির সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া।

জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, পুলিশ বাদী হয়ে সিলেট নগরীর জালালাবাদ থানায় মামলাটি (নম্বর-১৩) দায়ের করে।

উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকমকে বলেন, হামলার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মস্তাবুর রহমানকে প্রধান করে তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া প্রক্টরিয়াল বডির সঙ্গে সভায় সীমানা প্রাচীর নির্মাণ, ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাস ও হলে সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্টবৃন্দের অবস্থান, বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ স্থানসমূহে পুলিশের প্রহরা বাড়ানো, সন্ধ্যার পরে আইডি কার্ড দেখে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগকর্মী রুহুল আমিন।

ছাত্রলীগ নেতাদের দাবি হামলাকারীরা শিবিরের নেতাকর্মী।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববতী এলাকায় শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ নয় শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।